
সদ্য গঠিত মন্ত্রিসভার প্রথম কার্যদিবসেই চমক দিলেন নবনিযুক্ত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে নিজের দপ্তরে যোগ দিয়েই তিনি জানিয়ে দিলেন, দেশের জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে সাধারণ গতির চেয়েও বহুগুণ বেশি গতিতে কাজ করতে হবে। তাঁর ভাষায়, “শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই চলবে না, এবার দিতে হবে ‘মোর মোর জাম্প’।”
আজ বুধবার দুপুরে সচিবালয়ে পৌঁছালে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এক খোলামেলা আলাপকালে মন্ত্রী তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
গতকাল মঙ্গলবার বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় একটি প্রতিবন্ধক লাফিয়ে পার হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই প্রসংগ টেনে এক সংবাদকর্মী জানতে চান, শিক্ষা খাতেও কি এমন কোনো লম্ফঝম্প দেখা যাবে? হাস্যরসে এর উত্তর দিয়ে মন্ত্রী বলেন, “শিক্ষা খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হলে আমাদের দ্রুততম সময়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। কারিকুলাম নিয়ে মানুষের মনে যে বিভ্রান্তি আছে, তা দূর করা হবে। আমরা কোনো কিছু হুট করে পরিবর্তন করব না, তবে বর্তমান কারিকুলামটি গভীরভাবে রিভিউ করা হবে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করা। তাই শিক্ষা বাজেট বাড়ানো থেকে শুরু করে কারিকুলামের আমূল সংস্কার—সবই হবে আধুনিক ও যুগোপযোগী।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গতকাল বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। তারেক রহমানের এই সরকারে অভিজ্ঞ ও তরুণদের এক অনন্য সমন্বয় দেখা যাচ্ছে। নতুন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ববি হাজ্জাজও এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।







