বাণিজ্যিক বিজ্ঞাপন

মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্যহীনতা: ২৫ জেলা থেকে নেই কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক | ঢাকা

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক ভারসাম্যের এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছে। দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী স্থান পাননি। মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির ঐতিহ্যগত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী, এমনকি আওয়ামী লীগের জন্মস্থান গোপালগঞ্জ থেকেও এবার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি।

মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রিসভার এই আঞ্চলিক বিন্যাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

বিএনপির ঘাটিতেই শূন্যতা

বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী জেলা থেকে অতীতে ব্যারিস্টার মওদুদ আহমদের মতো প্রভাবশালী নেতারা মন্ত্রী হয়েছেন। কিন্তু এবার দলটি ওই অঞ্চলে ভালো ফল করলেও নোয়াখালী থেকে কাউকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি। যদিও বৃহত্তর নোয়াখালীর ফেনী থেকে আবদুল আউয়াল মিন্টু এবং লক্ষ্মীপুর থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পূর্ণমন্ত্রী হয়েছেন।

বড় জেলাগুলোর মধ্যে খুলনা থেকেও মন্ত্রিত্ব পাননি কেউ। জেলার ছয়টি আসনের মধ্যে বিএনপি চারটিতে জয়ী হলেও এই শূন্যতা সবাইকে অবাক করেছে।

গোপালগঞ্জ-মাদারীপুরে আসন পেলেও মন্ত্রী নেই

শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ থেকে এবার প্রথমবারের মতো তিনজন বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবুও মন্ত্রিত্বের মুখ দেখেননি এই জেলাবাসী। একই চিত্র দেখা গেছে মাদারীপুর ও শরীয়তপুর জেলাতেও। আওয়ামী লীগের এই দুই দূর্গেও বিএনপি আসন জিতেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পায়নি।

উত্তরবঙ্গ ও কুমিল্লার দাপট

আঞ্চলিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, উত্তরবঙ্গ ও কুমিল্লা অঞ্চল মন্ত্রিসভায় উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব পেয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপি তুলনামূলক কম আসন পেলেও, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান হওয়ায় এই অঞ্চলের প্রতিনিধিত্ব বেশি হয়েছে। ঠাকুরগাঁও থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণমন্ত্রী হয়েছেন।

কুমিল্লা জেলায় বিএনপি ১১টি আসনের মধ্যে ৮টিতে জয়ী হওয়ায় এই জেলা থেকে তিনজন পূর্ণমন্ত্রী স্থান পেয়েছেন।

ঢাকার পাশে ফাঁকা, রাজধানীতে আধিক্য

রাজধানী ঢাকা জেলা থেকে শেখ রবিউল আলম পূর্ণমন্ত্রী এবং সাবেক ফুটবলার আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন। তবে ঢাকার আশেপাশের জেলা—মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর—থেকে কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি, যা অতীতে কল্পনাতীত ছিল।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button