‘কাউকে প্রভু মানবে না বাংলাদেশ’: মোস্তাফিজ ইস্যুতে ভারতকে কড়া বার্তা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক | সাতক্ষীরা

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

ক্রিকেট বিশ্বের উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতাকে ‘জাতীয় অপমান’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “সাতক্ষীরার সন্তান মোস্তাফিজ শুধু এ অঞ্চল নয়, গোটা বাংলাদেশকে বিশ্ব দরবারে আলোকিত করেছে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত তাকে একটি প্রীতি ম্যাচেও অংশ নিতে দিল না। এটি কেবল মোস্তাফিজের জন্য নয়, বরং বাংলাদেশের প্রতি এবং ক্রিকেটের প্রতি এক চরম অপমান।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন প্রসঙ্গে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তা শঙ্কার কারণে শ্রীলঙ্কায় ভেন্যু সরানোর দাবি সংগত ছিল। আইসিসি এই দাবি না মেনে উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে, যা আমাদের জন্য দুঃখজনক ও লজ্জার। আমি আইসিসিকে অনুরোধ করব—এখনো সময় আছে, আপনাদের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত রিভিউ করুন।”

প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের বিষয়ে জামায়াত আমির সাফ জানিয়ে দেন, “আমরা প্রতিবেশীদের বন্ধু হিসেবে দেখতে চাই, প্রভু হিসেবে নয়। আল্লাহর কসম, এই মাটিতে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু হিসেবে মেনে নেব না। এই ব্যাপারে আমরা আপসহীন।” তিনি আরও যোগ করেন যে, অতীতেও অনেক দেশ নিরাপত্তা ইস্যুতে অন্য ভেন্যুতে খেলেছে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন ভিন্ন নীতি অবলম্বন করা হবে?

উল্লেখ্য, ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআই মোস্তাফিজকে বাদ দিলে বিসিবিও নিরাপত্তা খাতিরে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আইসিসির আল্টিমেটাম সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় স্বার্থে অনড় অবস্থানে থাকার ঘোষণা দেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button