বাণিজ্যিক বিজ্ঞাপন

‘এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি’: বাংলাদেশের বিদায়ে ব্যথিত স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক | ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

নিরাপত্তার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবির অনীহা এবং পরবর্তীতে আইসিসি কর্তৃক বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে বইছে আলোচনার ঝড়। বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তবে কোয়ালিফাই করেও বাংলাদেশের বাদ পড়াকে সহজভাবে নিতে পারছেন না স্কটিশরা। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, “বাংলাদেশ দলের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে।”

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডব্লেড স্পষ্ট জানান, বাছাই প্রক্রিয়ার বাইরে এসে এমন অনাকাঙ্ক্ষিতভাবে তারা বিশ্বকাপে অংশ নিতে চাননি। তিনি বলেন, “আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট নিয়ম ও বাছাই প্রক্রিয়া আছে। কেউই এমন পথে আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝি, আমাদের এই অংশগ্রহণ একেবারেই এক ব্যতিক্রমী পরিস্থিতির ফল। আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খুব খারাপ লাগছে।”

হঠাৎ সুযোগ মেলায় স্কটিশ শিবিরে এখন ব্যস্ততার তুঙ্গে। মাত্র সাত দিনের প্রস্তুতিতে ভারতে দল পাঠানোকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। লিন্ডব্লেড জানান, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন দিনে ২১ ঘণ্টা সক্রিয় থাকে এবং চলতি সপ্তাহের শেষেই দলটি ভারতের উদ্দেশ্যে রওনা হতে পারে। প্রস্তুতির ঘাটতি থাকলেও বড় দলগুলোকে হারিয়ে চমক দেখাতে চায় স্কটল্যান্ড।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া ২০ দলের এই বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। সেখানে তাদের লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে। ভারতের চাপে আইসিসি বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার দাবি প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিদের ছাড়াই মাঠে গড়াচ্ছে এবারের আসর।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button