বাণিজ্যিক বিজ্ঞাপন

‘মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, বিচার দিলাম জনগণের কাছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিক বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনের নির্বাচনি লড়াই এখন উত্তপ্ত। মঙ্গলবার দুপুরে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনি প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও এই আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এই ঘটনার প্রতিবাদে ফকিরাপুলের নিজস্ব নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ‘সন্ত্রাসী বাহিনী’ এই বর্বরোচিত হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে আবেগপ্লুত কণ্ঠে নাসীরুদ্দীন বলেন, “আমি যখন ভোটারদের বলছিলাম আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসীর টাকা নেই—ঠিক তখনই আমাদের ওপর হামলা করা হয়। মির্জা আব্বাসের ক্যাডাররা আমার নেতাকর্মীদের আহত করেছে। আমি এই অন্যায়ের বিচার পুরো বাংলাদেশের মানুষের কাছে দিলাম।”

তারেক রহমানের প্রতি আহ্বান

হামলার মাস্টারমাইন্ড হিসেবে মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে দায়ী করে নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “এখন সিদ্ধান্ত নিতে হবে তারেক রহমানকে। তিনি কি দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন? আমি দাবি জানাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জা আব্বাসকে অনতিবিলম্বে বহিষ্কার করা হোক।”

অতীতের স্মৃতি ও খালেদা জিয়ার দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটি ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতিচারণ করে এনসিপির এই নেতা বলেন, “এক সময় খালেদা জিয়া আমাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ যদি তিনি সুস্থ থাকতেন, তবে নিজের দলের নেতাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে অবশ্যই লজ্জা পেতেন।”

সন্ত্রাসমুক্ত ঢাকা-৮ এর অঙ্গীকার

হাবিবুল্লাহ বাহার কলেজের গভর্নিং বডির অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, এই কলেজটিকে সন্ত্রাসের অভয়ারণ্য বানানো হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, “ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না। ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ এই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ব্যালটে রায় দেবে।”

নিরাপত্তা নিশ্চিত না হলে মাঠে থাকা সম্ভব কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button