চট্টগ্রামের এক গ্রাম থেকে জাতীয় সংসদে তিনজন! গহিরাজুড়ে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

ট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) — ভৌগোলিকভাবে ভিন্ন এই তিনটি আসনের ভোটাররা ভিন্ন হলেও, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল একটি বিশেষ মিল এনেছে। এই তিনটি আসনেই বিজয়ী হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের কৃতি সন্তানরা। এক গ্রাম থেকে একসাথে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার নজিরবিহীন ঘটনায় ওই এলাকায় বইছে আনন্দের বন্যা।

নির্বাচিত এই তিনজন হলেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তাঁর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

গহিরা গ্রামের রাজনৈতিক ঐতিহ্য

গহিরা গ্রামের রাজনৈতিক ইতিহাস বেশ সমৃদ্ধ। এই গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। তাঁরই বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী জয়লাভ করেছেন চট্টগ্রাম-৭ আসন থেকে। অন্যদিকে, বক্স আলী চৌধুরী বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার উত্তরে সাঈদ আল নোমানের বাড়ি, যিনি চট্টগ্রাম-১০ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এলাকাবাসী জানান, এই গ্রাম থেকেই উঠে এসেছেন চট্টগ্রামের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং পূর্ব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ফজলুল কাদের চৌধুরী। এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী চৌধুরী মহিবুল হাসান, সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চু এবং রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়িও এই একই গ্রামে।

জনপ্রত্যাশা

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গ্রামটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। গহিরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান মাহমুদ বলেন, “আমাদের গ্রামের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। এলাকার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে এই তিনজন জনপ্রতিনিধি একযোগে কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি।”

গহিরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দেশের ইতিহাসে এক গ্রাম থেকে তিনজন এমপি হওয়ার ঘটনা বিরল। আমরা আশা করি, নির্বাচিত প্রতিনিধিরা নিজ নিজ সংসদীয় এলাকার পাশাপাশি আমাদের গ্রামের উন্নয়নেও বিশেষ অবদান রাখবেন।”

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “তিনজন সংসদ সদস্য এই এলাকার হওয়ায় এটি গ্রামের জন্য খুবই সুসংবাদ। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব।”

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button