
দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত দুই নাম—সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে মুখ খুললেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন তারকা অলরাউন্ডার সাকিব, অন্যদিকে দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে নেই সাবেক অধিনায়ক মাশরাফি। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা থাকায় তাঁদের ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে নতুন প্রতিমন্ত্রী চান, আইনি প্রক্রিয়া মেনে তাঁদের দ্রুতই মাঠে ফেরাতে।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল হক স্পষ্ট জানিয়েছেন, মামলাগুলোর বিষয়ে সরকার ‘নমনীয় ও সহনশীল’ মনোভাব নিয়ে এগোতে চায়। তিনি বলেন, ‘যেহেতু তাঁদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব-মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’
সাকিব ও মাশরাফি দুজনেই বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। তাঁদের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মতো গুরুতর মামলা দায়ের হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সাকিবকে দেশে ফেরাতে বিসিবি তোড়জোড় শুরু করলেও মামলা জটিলতায় তা এখনো আলোর মুখ দেখেনি। প্রতিমন্ত্রী আমিনুল আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা চাই রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যেন তাঁরা বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার আগে আমিনুল হক বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ এবং নির্বাচন প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছিলেন। তবে দায়িত্ব নেওয়ার পর কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন সাবেক এই ফুটবল অধিনায়ক। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম মেনে বোর্ডের সাথে আলোচনা করেই তিনি ক্রিকেট অঙ্গনে স্বচ্ছতা ও উন্নতির লক্ষ্যে কাজ করতে চান।







