
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাঞ্ছারামপুর উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। খবর ছড়িয়ে পড়ার পরপরই বাঞ্ছারামপুর উপজেলা সদরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরণ করে এই আনন্দ উদ্যাপন করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন রশিদ ও পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল বিন ইউসুফের নেতৃত্বে এই মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বাঞ্ছারামপুরবাসীর গর্ব: উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন রশিদ বলেন, “জোনায়েদ সাকির প্রতিমন্ত্রী হওয়া পুরো বাঞ্ছারামপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এলাকার উন্নয়নের চাকা নতুন গতি পাবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”
পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল বিন ইউসুফ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “যোগ্য ও সৎ নেতৃত্বের হাতে প্রতিমন্ত্রী হিসেবে বাঞ্ছারামপুরের দায়িত্ব আসায় আমরা আনন্দিত। আমরা আশা করছি, তাঁর হাত ধরে এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।”
রাজনীতিতে নতুন অধ্যায়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বাঞ্ছারামপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন জোনায়েদ সাকি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীনকে ৫৫ হাজার ৩৬৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সাকি পান ৯৫ হাজার ৩৪২ ভোট, আর জামায়াত প্রার্থী পান ৩৯ হাজার ৯৭৬ ভোট।
তার এই বিজয়কে রাজনৈতিক মহলে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং রাষ্ট্রে সংস্কারের যে স্বপ্ন তারা দেখে আসছিলেন, প্রতিমন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি তা বাস্তবায়নে কাজ করবেন।







