ইফতারের আগেই পকেট ফাঁকা: ফলের পর এবার উত্তাপ সবজির বাজারে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা

পবিত্র রমজান মাস আসতে এখনও কিছুটা সময় বাকি, কিন্তু তার আগেই রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ফলের বাজারে লাগামহীন দামের পর এবার ইফতার তৈরির অপরিহার্য সবজি—বেগুন, শসা ও লেবুর দাম আকাশচুম্বী। বাজার সিন্ডিকেটের কারসাজি আর পরিবহন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ালেও, এর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
রাজধানীর হাতিরপুল, বড় মগবাজার, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের তালিকায় থাকা দেশি ফলগুলোর দাম গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। তরমুজ মৌসুম পুরোপুরি শুরু না হলেও আকারভেদে কেজিপ্রতি চাওয়া হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে খেজুর, মাল্টা ও আপেলের দাম। মাল্টা বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৪০ টাকায় এবং আপেল প্রতি কেজি প্রকারভেদে ৩৩০ থেকে ৪০০ টাকায়।
সবজির বাজারেও একই চিত্র। ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর হালিতে দাম বেড়েছে দ্বিগুণের বেশি। যে লেবু কয়েক সপ্তাহ আগে ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়। বেগুন কেজিপ্রতি ১০০ থেকে ১৪০ টাকা এবং শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়ায় সাধারণ মানুষের ইফতারের আয়োজনে কাটছাঁট করতে হচ্ছে।
রামপুরা বাজারে ফল কিনতে আসা বাড্ডার বাসিন্দা নাজনীন রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত সপ্তাহে মাল্টা কিনেছি ২৪০ টাকা কেজি, আর আজ দাম চাচ্ছে ৩২০ টাকা। রমজানের আগেই যদি এই অবস্থা হয়, তবে রোজা রেখে ইফতার করব কীভাবে?”
ব্যবসায়ীদের দাবি, পাইকারি আড়তগুলোতে দাম বেশি, সাথে নির্বাচন-পরবর্তী সরবরাহ সংকট এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় তারা দাম কমাতে পারছেন না। তবে ভোক্তাদের অভিযোগ, প্রতি বছর রমজানকে কেন্দ্র করে অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়।







