নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের অভিনন্দন, ‘উইন-উইন’ সম্পর্কের নতুন বার্তা
ঢাকা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং যৌথ উন্নয়নের ভিত্তিতে বাংলাদেশ-চীন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বেইজিং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় চীনের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
দৃঢ় বন্ধুত্বের বার্তা: অভিনন্দনবার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উল্লেখ করেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫১ বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়ে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ‘উইন-উইন’ বা উভয়পক্ষের লাভজনক ফলাফল অর্জিত হয়েছে, যা রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও চীন কেবল প্রতিবেশীই নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার।
নতুন সরকারের প্রতি সমর্থন ও ভবিষ্যৎ পরিকল্পনা: চীনের সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার বিষয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করে চীনের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন-বাংলাদেশ ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্ব’কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্যই আরও বেশি সুফল বয়ে আনা যাবে বলে তিনি বিশ্বাস করেন।







