রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষায় বৃহত্তর সংগ্রাম, শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ দেশের বিভিন্ন সরকারি শিল্প ও প্রতিষ্ঠান রক্ষার দাবিতে বৃহত্তর শ্রমিক ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সুগার কর্পোরেশন, কেমিক্যাল কর্পোরেশন ও স্টিল কর্পোরেশনের শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ভবনের নিচতলায় অবস্থিত সিবিএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রায়ত্ত চিনিকলসহ বিভিন্ন সরকারি শিল্প ও প্রতিষ্ঠান রক্ষায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেনঃ রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি’র সদস্য ও কেরু এন্ড কং (বিডি) লিমিটেডের শ্রমিক নেতা মোঃ তৈয়ব আলী সহ তিন সেক্টরের সিবিএ এবং ফেডারেশন নেতৃবৃন্দ। আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ অতি অল্প সময়ের মধ্যে একটি বৃহত্তর সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির নেতৃবৃন্দ। এক প্রতিক্রিয়ায় জাতীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প ও প্রতিষ্ঠান রক্ষার এই উদ্যোগ সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শ্রমিক শ্রেণির স্বার্থ, কর্মসংস্থান এবং জাতীয় শিল্পসম্পদ রক্ষায় বৃহত্তর শ্রমিক ঐক্যের কোনো বিকল্প নেই।







