বাণিজ্যিক বিজ্ঞাপন

মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী-সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের তিনজন কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে চড়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে তারা খবর পান ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশু ও স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফ্লাইওভারে কোনো সিসি ক্যামেরাও নেই।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে তদন্ত করছি। মোটরসাইকেলটি কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা জানতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে। আমরা ধারণা করছি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে নিহতরা একই পরিবারের হতে পারে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button