রিয়াদের ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
১৪/১০/২০২৬
২৬
আরিফুর সাদনানঃ হুথি হামলায় নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে এখন পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তিতে পড়েছে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি এবং রিয়াদ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীরা ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের ভিসা ও চাকুরী সংক্রান্ত ভোগান্তি বাড়ছে। এ পরিস্থিতিতে ফ্লাইট ও যাত্রীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সৌদির অন্যান্য বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করে যাত্রী ভোগান্তি কমানোর চেষ্টা চলছে বলে জানা যায়।