জলবায়ু কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে সমুদ্র ও প্রকৃতি
COP31-এ আন্টালিয়া মহাসাগর চুক্তি ঘোষণা

সমুদ্র ও উপকূলীয় পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, ব্লু ফাইন্যান্স সম্প্রসারণ এবং জলবায়ু, জীববৈচিত্র্য ও ভূমি সংরক্ষণে নতুন উদ্যোগ গ্রহণ
আন্টালিয়া, ১৭ নভেম্বর: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমুদ্র ও প্রকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন আন্তর্জাতিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এর প্রেসিডেন্সি। সমুদ্র ও উপকূলীয় পরিবেশ রক্ষা, সামুদ্রিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সম্মেলনে ‘আন্টালিয়া ওশান অ্যান্ড সিজ কমপ্যাক্ট’ (Antalya Ocean and Seas Compact) চালু করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) COP31 প্রেসিডেন্সির পক্ষ থেকে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এতে সমুদ্রভিত্তিক জলবায়ু কার্যক্রম জোরদার করতে দেশগুলোর মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি, বৈজ্ঞানিক তথ্য বিনিময়, ব্লু কার্বন সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
COP31-এর সভাপতি মুরাত কুরুম বলেন, মহাসাগর বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণ, মানুষের জীবিকা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রের অম্লীকরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও দূষণের কারণে সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং উপকূলীয় জনগোষ্ঠী ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে।
তিনি বলেন, উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, সমুদ্রবিজ্ঞান ও তথ্য বিনিময় সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির মতো কার্যকর সমাধান রয়েছে। এখন প্রয়োজন এসব উদ্যোগ বাস্তবায়নে দক্ষতা, অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারত্ব নিশ্চিত করা।
সমুদ্র সুরক্ষায় নতুন আন্তর্জাতিক কর্মপরিকল্পনা
COP31 ঘোষিত আন্টালিয়া ওশান অ্যান্ড সিজ কমপ্যাক্টের মাধ্যমে দেশগুলোকে জাতীয় জলবায়ু পরিকল্পনায় সমুদ্রসম্পর্কিত নীতি ও কর্মসূচি আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সমুদ্র ও উপকূলীয় প্রকল্পে অর্থায়নের পরিমাণ বাড়াতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক মহাসাগর ও সমুদ্র সহযোগিতা উদ্যোগ’ নামে আরেকটি কর্মসূচিও সামনে আনা হয়েছে। এর লক্ষ্য অভিন্ন সমুদ্র ও উপকূলীয় অঞ্চল রক্ষায় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক তথ্য ও আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সামুদ্রিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা।
এ উদ্যোগের আওতায় ২০৩৫ সালের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত উপকূলরেখার অন্তত ২০ শতাংশ পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন সামুদ্রিক জ্বালানি, পরিবেশবান্ধব বন্দর, জলবায়ু সহনশীল নৌপরিবহন ও পর্যটন খাতে বিনিয়োগ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সামুদ্রিক দূষণ রোধে আন্তর্জাতিক উদ্যোগ
সামুদ্রিক দূষণ মোকাবিলায় তুরস্কের ‘জিরো ওয়েস্ট’ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘মেরিন লিটার অ্যাকশন প্ল্যাটফর্ম’ আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে জ্ঞান, প্রযুক্তি এবং অর্থায়নের সংযোগ তৈরি করা হবে। ফলে সামুদ্রিক বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
সমুদ্র অর্থায়ন ও গবেষণায় তুরস্ক-অস্ট্রেলিয়ার সহযোগিতা
সমুদ্র ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর উপকূলীয় উন্নয়ন, জলবায়ু অভিযোজন এবং পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন বাড়ানো এ সহযোগিতার অন্যতম লক্ষ্য।
এ ছাড়া বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায় অ্যান্টার্কটিকার ভূমিকা এবং সমুদ্র ও উপকূলীয় জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের মধ্যে গবেষণা ও তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
COP31-এর প্রশান্ত মহাসাগরীয় মহাসাগরবিষয়ক দূত ইনিয়া সেরুইরাতু বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার সঙ্গে মহাসাগর গভীরভাবে সম্পৃক্ত। জলবায়ু সমাধানের কেন্দ্রবিন্দুতে মহাসাগরকে রাখতে হবে। মহাসাগরকে বাদ দিয়ে কার্যকর জলবায়ু কার্যক্রম সম্ভব নয়।
জলবায়ু, জীববৈচিত্র্য ও ভূমি সংরক্ষণে নতুন জোট
সম্মেলনে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমির অবক্ষয় মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ‘রিও সিনারজিস গ্রুপ ফর অ্যাকশন’ প্রতিষ্ঠা করা হয়েছে।
এটি দেশগুলোর নেতৃত্বাধীন একটি স্বেচ্ছামূলক উদ্যোগ। এর মাধ্যমে জলবায়ু, জীববৈচিত্র্য ও ভূমি সংরক্ষণসংক্রান্ত বিদ্যমান কর্মসূচিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হবে। একই সঙ্গে বিশেষজ্ঞ জ্ঞান, আন্তর্জাতিক অংশীদারত্ব ও অর্থায়নের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে। নতুন কোনো বাধ্যতামূলক প্রতিশ্রুতি বা প্রতিবেদন দাখিলের চাপ ছাড়াই উদ্যোগটি বাস্তবায়নমুখী সহযোগিতা নিশ্চিত করবে।
এদিকে সবুজ শিল্পায়ন ও চক্রাকার অর্থনীতির বিকাশেও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে COP31। সম্মেলনে তুরস্ক ও জার্মানি কার্বন মূল্য নির্ধারণসহ বিভিন্ন জলবায়ু উদ্যোগে সহযোগিতার বিষয়টি তুলে ধরে। জার্মানির আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগের (IKI) সহায়তায় নির্মাণ খাতে জ্বালানি দক্ষতা ও চক্রাকার অর্থনীতির রূপান্তরে বড় অনুদান কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
সমুদ্র সুরক্ষায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান
জাতিসংঘ মহাসচিবের মহাসাগরবিষয়ক বিশেষ দূত পিটার থমসন বলেন, আন্টালিয়া মহাসাগর চুক্তি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে COP31-এর দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। জলবায়ু পরিবর্তন নিয়ে যেকোনো কার্যকর আলোচনা সমুদ্রকে অন্তর্ভুক্ত না করলে অসম্পূর্ণ থেকে যায়। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়টিও জলবায়ু আলোচনার কেন্দ্রে থাকা প্রয়োজন।
উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের সমুদ্র ও জলবায়ু নীতিবিষয়ক পরিচালক এবং COP31 উপদেষ্টা বোর্ডের সদস্য ড. কিলাপার্টি রামকৃষ্ণ আন্টালিয়া ওশান কমপ্যাক্টকে ‘ব্লু COP’-এর একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, সুস্থ সমুদ্র ছাড়া জলবায়ুর স্থিতিশীলতা সম্ভব নয়। নতুন এই উদ্যোগ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সমুদ্রবিজ্ঞানকে নীতিনির্ধারণে কাজে লাগানো, অর্থায়ন সংগ্রহ এবং উপকূলীয় জনগোষ্ঠী ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য কার্যকর ফলাফল অর্জনে একটি অভিন্ন কর্মপরিকল্পনা দেবে।
বিশ্লেষকদের মতে, COP31-এর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমে সমুদ্র ও প্রকৃতির গুরুত্ব আরও বাড়বে। বিশেষ করে সমুদ্রনির্ভর অর্থনীতি, উপকূলীয় জনগোষ্ঠী এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য নতুন অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এসব ঘোষণার প্রকৃত সাফল্য নির্ভর করবে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর।







