
আরিফুর সাদনানঃ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-এর বিভিন্ন ইউনিট এবছর অক্টোবরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশব্যাপী বাহিনীর বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৫৫টি হারানো মোবাইল ফোন, ৪ জন নিখোঁজ শিশুসহ ৩৬ জন ভিকটিম ও ১ কেজি ৮৪৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এছাড়া বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার এবং শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ট্রেনিং, ল অ্যান্ড মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অক্টোবর মাসে চারজন নিখোঁজ শিশুসহ ৩৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এপিবিএন সদর দপ্তরের এলআইসি শাখার সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ইউনিট ৬৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়া চারটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও একটি ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা দেওয়া হয়েছে।
সাইবার অপরাধের ঘটনায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ৫০০ টাকা, ১৫টি সিম কার্ড এবং বিকাশ-নগদ প্রতারণার ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তাজুল ইসলাম জানান, অক্টোবর মাসে বিভিন্ন অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয়টি ছুরি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারটি মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭ পিস ইয়াবা, ১ দশমিক ০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট এবং মাদক বিক্রির ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
চোরাচালানবিরোধী অভিযানে ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করেছে এপিবিএন। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এ সংক্রান্ত ১৩টি মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া ৭৬০ কেজি নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া, ৩৯৬ কেজি প্রসাধনসামগ্রী, ৬৩ পিস শাড়ি ও থ্রি-পিস, খাদ্যদ্রব্য, কাপড়, ওষুধ এবং অনুমোদনহীন সাতটি সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ১ লাখ ১২ হাজার ৩৩০ বাংলাদেশি টাকা ও ৩০ কুয়েতি দিনার উদ্ধার করা হয়।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪১৫টি মামলা করে ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ৫০টি মামলায় ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা ও সাজা দেওয়া হয়েছে। এসব কার্যক্রমে ২৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অক্টোবর মাসে বিভিন্ন মামলায় আরও ৩২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন এজাহারনামীয় আসামি, মানব পাচার মামলায় তিনজন, হত্যা মামলায় তিনজন এবং নয়জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া চুরি ও অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার এবং পালানোর সময় সাতজন এফডিএমএন সদস্যকে আটক করা হয়েছে।
এপিবিএন সূত্রে জানা যায়, অক্টোবর মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএনের মাধ্যমে মোট ২৮টি জিআর ও সিআর মামলা করা হয়েছে। এসব মামলার তদন্ত চলছে।
সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং নাগরিক সেবা সহজ করতে এপিবিএনের আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।







