বাণিজ্যিক বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক ইসলামোফোবিয়া মোকাবেলা দিবস উপলক্ষে

কণ্ঠস্বর.কম | এমডি ফারহান আলম আনিম | ১৪ মার্চ ২০২৬

১৫ মার্চ আন্তর্জাতিক ইসলামোফোবিয়া মোকাবেলা দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, বিশ্বজুড়ে প্রায় দুই বিলিয়ন মুসলিম বিভিন্ন দেশ ও সংস্কৃতি থেকে আগত, যা মানবতার অসাধারণ বৈচিত্র্যকে প্রতিফলিত করে।

তবুও অনেক ক্ষেত্রেই তারা প্রাতিষ্ঠানিক বৈষম্য, আর্থ-সামাজিক বর্জন, পক্ষপাতদুষ্ট অভিবাসন নীতি এবং অযৌক্তিক নজরদারি ও প্রোফাইলিংয়ের শিকার হচ্ছেন।

মহাসচিব বলেন, এসব উদ্বেগজনক প্রবণতা প্রায়ই মুসলিমবিরোধী বক্তব্য এবং ঘৃণাত্মক প্রচারণার মাধ্যমে উসকে দেওয়া হয়, যা ব্যক্তি ও ধর্মীয় উপাসনালয়ের বিরুদ্ধে হয়রানি ও সহিংসতার ঝুঁকি বাড়ায়।

তিনি সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘৃণাত্মক বক্তব্য মোকাবিলা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মহাসচিব আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও মানুষের ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে ছড়িয়ে পড়া ঘৃণাত্মক বক্তব্য ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি বিশ্বের সব মানুষকে যেখানেই গোঁড়ামি, বিদেশবিদ্বেষ ও বৈষম্য দেখা যায়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বার্তায় তিনি উল্লেখ করেন, ইসলামোফোবিয়া মোকাবেলায় বৈশ্বিক প্রতিক্রিয়া আরও জোরদার করতে ২০২৫ সালের মে মাসে তিনি জাতিসংঘ সভ্যতার জোট –এর উচ্চ প্রতিনিধিকে ইসলামোফোবিয়া মোকাবেলায় জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বলেন, ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের সমতা, মানবাধিকার ও মর্যাদা রক্ষায় বিশ্ববাসীকে একযোগে কাজ করতে হবে এবং প্রতিটি দেশ ও সমাজ থেকে ইসলামোফোবিয়ার অভিশাপ দূর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button