
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ভোদেলা যশস্বী কোত্তাপল্লি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
আইসিই তাকে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ‘শিশু ধর্ষক’ হিসেবে আখ্যায়িত করেছে। জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়ন ছাড়াও দোকান থেকে চুরি এবং জনশৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, এই অপরাধীকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে। বহিষ্কারের চূড়ান্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে আইসিইর হেফাজতে রাখা হবে।
এই ঘটনাটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানেরই অংশ। ভারত সরকারের তথ্যমতে, ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের আওতায় ৩ হাজার ৮০০ জনের বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের ‘অপরাধী অবৈধ অভিবাসী’র তালিকায় আরও ৮৯ জন ভারতীয় বংশোদ্ভূতের নাম রয়েছে বলে জানা গেছে।







