লস অ্যাঞ্জেলেসে বেগম জিয়ার গায়েবানা জানাজা: প্রবাসীদের অশ্রুসিক্ত বিদায়
বাপন রায় | লস অ্যাঞ্জেলেস

লস অ্যাঞ্জেলেস সুদূর প্রবাসে থাকলেও দেশের নেত্রীর বিদায়ে স্তব্ধ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সেখানে গায়েবানা জানাজা ও বিশেষ স্মরণ সভার আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার মধ্যরাতে লস অ্যাঞ্জেলেস বিএনপি কার্যালয়ের সামনে হালকা শীতল বাতাস আর শোকাতুর পরিবেশে এই জানাজা অনুষ্ঠিত হয়।
আবেগঘন পরিবেশ ও স্মৃতিচারণা টেলিভিশনের পর্দায় দেশে অনুষ্ঠিত লাখো মানুষের জানাজার দৃশ্য দেখার সময় সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁদের প্রিয় নেত্রীর সঙ্গে কাটানো রাজনৈতিক সংগ্রাম ও ব্যক্তিগত মুহূর্তের স্মৃতিচারণা করেন। উপস্থিত প্রবাসীদের মতে, বাংলাদেশের ইতিহাসে এমন গৌরবময় ও স্বতঃস্ফূর্ত বিদায় আগে কখনও দেখা যায়নি।
কনসাল জেনারেলের শ্রদ্ধা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী জাবেদ ইকবাল। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন রাজনৈতিক অভিভাবক। বর্তমানের এই সংকটপূর্ণ সময়ে তাঁকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা কঠিন। তাঁর প্রয়াণে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।” তিনি আরও জানান, মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে শোকবই খোলা হয়েছে।
নেতৃবৃন্দের বক্তব্য ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান তাঁদের বক্তব্যে বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তাঁর অদম্য সাহস এবং গণতন্ত্রের প্রতি অবিচল নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।
জানাজায় ক্যালিফোর্নিয়া বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শোকের এই আবহ প্রবাসীদের হৃদয়ে খালেদা জিয়ার আদর্শকে আরও দৃঢ়ভাবে গেঁথে দিয়ে গেছে।







