বাণিজ্যিক বিজ্ঞাপন

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ সরকার। তবে এবার রপ্তানির অনুমোদিত পরিমাণ গতবারের তুলনায় অর্ধেক। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী, এ বছর মোট ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, আগ্রহী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন হার্ড কপিতে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স ও বিক্রয় চুক্তিপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার নির্ধারিত শর্ত অনুযায়ী, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার। এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না, অনুমতি হস্তান্তর করা যাবে না এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া অন্য কোনোভাবে (সাব-কন্ট্রাক্টে) রপ্তানি করা যাবে না। সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানি কার্যক্রম বন্ধ করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রথমে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির। ওই বছর মোট ৪৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল। এবারে তার অর্ধেক পরিমাণ রপ্তানির অনুমতি দেওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাজারে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশের ইলিশ ভারতের পশ্চিমবঙ্গসহ নানা রাজ্যে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে দুর্গাপূজার সময় বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে ওঠে বাংলাদেশের পদ্মা-মেঘনার ইলিশ।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button