বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। এর আগে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন তিনি। রবিবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে এ বিষয়ে অফিস আদেশ ইস্যু করা হয়।
নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর মাস থেকে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক পরিচালিত—যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ। এসব বিভাগে কর্মরত অবস্থায় তিনি নীতি প্রণয়ন, আর্থিক তদারকি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণকারী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পাশাপাশি জার্মানি থেকে সনদপ্রাপ্ত রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (সিইআরএম) ডিগ্রি অর্জন করেন।







