
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। একদল বিক্ষোভকারী ভবনটির নিচতলায় আগুন ধরানোর চেষ্টা করেন এবং কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ হামলা চালানো হয়। পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়। পুলিশ জলকামান ব্যবহার করে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সময় বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে টানানো জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ছবি ভাঙচুর করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সাংবাদিক নাইমুর রহমান (২৫) ও ফটোসাংবাদিক জিএম মজিবর (৪৫) আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
পুলিশের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিস্থিতি শান্ত হয়। জাপার নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জুবের আলম খান অভিযোগ করেছেন, হামলার সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তিনি জানান, গতকালও কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং অভিযুক্তদের শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে।







