বাণিজ্যিক বিজ্ঞাপন

যমুনা অভিমুখে শিক্ষার্থীদের মিছিল, পুলিশের সাউন্ড গ্রেনেড–কাঁদানে গ্যাস–লাঠিচার্জ

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ চালায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

বেলা দেড়টার পর এ সংঘর্ষ শুরু হয়। এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দিলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় ধস্তাধস্তি শুরু হয় এবং একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছেন। আহতদের মধ্যে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মির্জা বলেন, “মিছিলের সামনে ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে কিছু একটা এসে আমার বাঁ পায়ে আঘাত করে।”

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা একই দাবিতে টানা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

  • ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া।

  • ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে ৯ম গ্রেডে উন্নীত না করা।

  • ১০ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button