বাণিজ্যিক বিজ্ঞাপন

এপিবিএন অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন প্রধান আটক

আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-৮ এর অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ইসলামী মাহাজের প্রধান আটক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
২৪/১০/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার জেলার উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৯ সি/৫ ব্লকের আইয়ুব এর ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ইসলামী মাহাজ দলের প্রধান এফডিএমএন সদস্য রফিক ও তার দলের সদস্যদের নিয়ে গোপনে বৈঠক করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক  সাড়ে ৯ টায় এপিবিএন-৮ এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)-এর দিক-নির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ক্যাম্পের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটক করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ইসলামী মাহাজ দলের প্রধান। তার অধীনে বাংলাদেশের মধ্যে অনুমান তিনশত জন সদস্য এবং মিয়ানমারের মধ্যে চারশত জন সদস্য আছে। তার ও তার দলের সদস্যদের হেফাজতে নব্বইটি আগ্নেয়াস্ত্র আছে। যেগুলি মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে তাদের হেফাজতে থাকার কথা স্বীকার করলেও বাংলাদেশের সদস্যদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে একেক সময় একেক রকম কথা বলে।
উক্ত আসামী একজন দুর্ধর্ষ সশস্ত্র সন্ত্রাসী বলে জানা যায়। সে তার দলীয় লোকজন নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে সন্ত্রাসী কর্মকান্ড, অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদক ক্রয়-বিক্রয়, ভয়ভীতি প্রদর্শন, গুম করে বেড়ায় মর্মে জনশ্রুতি আছে। সে এবং তার দলীয় লোকজনদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মধ্য বড় ধরনের ধর্তব্য সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলো বলে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উখিয়া থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) বলেন “ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ইসলামী মাহাজ’ দলের প্রধান মোঃ রফিককে গ্রেফতার করা হয়েছে এবং তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে। ক্যাম্প এলাকায় যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হলে তার বিরুদ্ধে ৮ এপিবিএন-এর কঠোর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সাধারণ এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button