রাঙ্গামাটিতে এপিবিএন-এর দ্বিবার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

আরফির সাদনানঃ রাঙামাটিতে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দ্বিবার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এপিবিএন প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম। পরে ব্যাটালিয়নের একটি চৌকস প্যারেড দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ ১৮ এপিবিএনের আরশিনগর পুলিশ ক্যাম্পসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে তিনি ব্যাটালিয়নের অধিনায়কের কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।
সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন এপিবিএন প্রধান। এসব সমস্যা সমাধানের পাশাপাশি সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় পুলিশি সেবার মানোন্নয়ন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দক্ষতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন হাসিব আজিজ। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও ভুক্তভোগীদের সহায়তায় আরও কার্যকর ভূমিকা রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কল্যাণ সভা শেষে ১৮ এপিবিএনের অধিনায়কের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিবিএন সদর দপ্তরের প্রশাসন বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত ডিআইজি আলী আহমেদ খান, পুলিশ সুপার সাত্যকি কবিরাজ ঝুলন, ১৮ এপিবিএনের অ্যাডজুট্যান্ট (সহকারী পুলিশ সুপার) মো. মশিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।







