এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ চেকপোষ্টে ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-৮ ও সেনাবাহিনীর যৌথ চেকপোষ্টে ৫০,৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আটক করা হয়েছে।
গত ২১ অক্টোবর রাত ১১ টায় এপিবিএন-৮ এর শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের সদস্য ও সেনাবাহিনীর সমন্বয়ে জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের গয়ালমারা মেইন রাস্তায় বিদ্যুৎ অফিসের সামনে যৌথ চেকপোষ্ট পরিচালনাকালে একটি সিএনজি তল্লাশি চালানো হলে রোহিঙ্গা সদস্য বালুখালি ক্যাম্প-০৯, ব্লক-সি/২ এর বাসিন্দা সোলতান আহম্মদের পুত্র আসামী ইসমাইল থেকে ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আনুমানিক ১১টা ৫০ মিনিটে একটি অটো (মিশুক) সন্দেহজনক মনে হলে অটো মিশুক-এর ড্রাইভারকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ড্রাইভার বাঙ্গালি সদস্য পালংখালী ইউনিয়ন নুরুল সালাম-এর পুত্র নুরুল হাসানের হেফাজতে থাকা পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশকে খবর দিলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।







