
দীর্ঘ প্রায় ১৭ মাস ধরে তালাবদ্ধ পড়ে থাকা নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় হঠাৎ করেই সরব হয়ে উঠল ভোরের আলোয়। আজ বুধবার সকাল ৭টার দিকে একদল নেতাকর্মী কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য।
কার্যালয়ে ঢুকেই তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে। এ সময় কার্যালয়টির সামনে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয় তারা। ভিডিওতে দেখা যায়, স্লোগানরত নেতাকর্মীদের সাথে এক বয়স্ক ব্যক্তিও ব্যানার টাঙানোর কাজে সহায়তা করছেন। ব্যানার স্থাপনের পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশের একটি দল দ্রুত টাউন হল মোড়ে অবস্থিত কার্যালয়টিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। বর্তমানে কার্যালয়টির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই কার্যালয়টি সিলগালা বা তালাবদ্ধ অবস্থায় ছিল।







