বাণিজ্যিক বিজ্ঞাপন

বাঘা সীমান্তে বিএসএফ কর্তৃক আটককৃত ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

আরিফুর সাদনান রহমানঃ রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ০৫ টা থেকে সোয়া ০৬ টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর কোম্পানির মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় (ভারতীয় অংশে) বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার তাদের হেফাজতে থাকা ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের নিকট হস্তান্তর করেন।

ফেরত আনা বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে ৩ জন পাট ব্যবসায়ী এবং ২ জন নৌকার মাঝি-মাল্লা।

বিজিবির হেফাজতে ফেরত আনার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকাযোগে বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ ভুল করে তারা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। এরপর ৭ ও ৮ সেপ্টেম্বর তাদেরকে জলঙ্গী বিএসএফ ক্যাম্পে রাখা হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর তাদের সাগরপাড়া বিএসএফ ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং সেখানে প্রায় ৪/৫ ঘণ্টা রাখার পর একই দিনে ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। পরে রানীনগর থানা তাদের রানীনগর হোল্ডিং সেন্টারে রাখে। বর্তমানে তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

পরবর্তীতে বিজিবি ৫ জনের ঠিকানা যাচাই বাছাই করে স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে সন্ধ্যা ০৭টার দিকে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করে। এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলাইপুর খেয়াঘাটে উপস্থিত হন। তিনি ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সীমান্তে বিজিবির পেশাদার ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বিজিবিকে ধন্যবাদ জানান।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button