হজে বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত থেকে সরে এলো সৌদি

হজ পালনে বয়সসীমা সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। দেশটি ১৫ বছরের নিচে শিশুদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগের নিয়ম পুনর্বহাল করেছে, যেখানে ১২ বছর বা তার বেশি বয়সীরা হজে অংশ নিতে পারবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ৩ মে থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই এ সিদ্ধান্ত বাতিল করা হয়।
নতুন বয়সসীমার কারণে যেসব ভিসা আবেদন বাতিল হয়েছিল, সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করা হবে। এতে ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।
ডিরেক্টরেট জেনারেল অব হজ নিশ্চিত করেছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে কম বয়সী হজযাত্রীদের জন্য পূর্বের নিয়ম আবার চালু হলো।
এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালের হজে ১৫ বছরের নিচে কেউ অংশ নিতে পারবে না। এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে অনেক আবেদনকারীর ভিসা বাতিল এবং অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল।







