বিচ্ছেদের পথে গায়িকা সালমা: ‘মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব’
বিনোদন ডেস্ক

জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারেও বিচ্ছেদের সুর বেজে উঠেছে। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি ও তাঁর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন সাগর।
সানাউল্লাহ নূরে সাগর তাঁর পোস্টে জানান, মূলত মানসিকতার দূরত্ব এবং চিন্তাধারার অমিলের কারণেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেছেন, ‘পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই আমরা আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আমাদের একটি কন্যাসন্তান রয়েছে এবং তার মা হিসেবে সালমা চিরকাল আমার কাছে শ্রদ্ধার পাত্রী হয়ে থাকবেন।’
বিচ্ছেদ প্রসঙ্গে শিল্পী সালমা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকলেও সাবেকের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেননি। তিনি জানান, বিচ্ছেদের সিদ্ধান্তটি মূলত তাঁর স্বামীর পক্ষ থেকেই এসেছে। সালমা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার পক্ষ থেকে কোনো ত্রুটি ছিল না। তবে তিনি যেহেতু বাবা, তাঁর প্রতি আমার সম্মান আজীবন থাকবে। তাঁকে ভালোবেসেছিলাম এবং মৃত্যুর আগপর্যন্ত সেই ভালোবাসা থেকে যাবে। তিনি যেন ভালো থাকেন, এটাই আমার প্রার্থনা।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালমা। এটি ছিল সালমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল, যা ২০১৬ সালে বিচ্ছেদে রূপ নেয়। প্রথম সংসারে স্নেহা নামে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।
ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে সালমা এখন গানেই মনোনিবেশ করতে চান। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তাঁর সাবেক স্বামী সাগরও।







