মাদারীপুরের রাজৈরে জমি বিরোধে কুপিয়ে জখম করার অভিযোগ সুব্রত কীর্তনীয়ার বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরিবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অসীম কীর্তনীয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে একি এলাকার সুব্রত কীর্তনীয়ার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে অসীম কীর্তনীয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে একটি পাট ক্ষেতের মধ্যে নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে সুব্রত কীর্তনীয়াকে প্রধান অভিযুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান গেছে।
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



