বাণিজ্যিক বিজ্ঞাপন

‘বইপোকা’ দিয়ে আলোচনায় মোশাররফ-নীলা জুটি

তরুণ নির্মাতা রাজ্জাক রাজের পরিচালনায় ‘বইপোকা’ নামের একটি ভিন্নধর্মী গল্পের নাটক সম্প্রতি মুক্তি পেয়েছে। প্রকাশের পরপরই নাটকটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার বিপরীতে দেখা গেছে এ প্রজন্মের পরিচিত মুখ নীলাঞ্জনা নীলাকে।

গত ১ মে শুক্রবার রাতে এটিএন বাংলায় এবং ২ মে শনিবার দুপুরে বিন্দু ভিশন ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। সমসাময়িক অবক্ষয় ও বই পড়ার গুরুত্ব নিয়ে নির্মিত এই নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের বেশ প্রশংসা কুড়াচ্ছে।

সাড়া ফেলেছে মোশাররফ-নীলার ‘বইপোকা’

নাটকটির রচয়িতা তরুণ নাট্যকার আল আমিন স্বপন। এতে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা ছাড়াও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, লিপু মামা, সাবিনা রনি, মুকুল সিরাজ, ইমরান আজান, ইমরান হাসো, মোহাম্মদ রফিক, ফাহমিদা তৃষা, লিমন আহমেদ, মহসিন আকাশ, প্রিম রোজসহ আরও অনেকে।

গল্প সম্পর্কে পরিচালক রাজ্জাক রাজ জানান হাসান জহির চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম শহরের বিলাসবহুল জীবন ও বেশি বেতনের চাকরি ছেড়ে স্ত্রী মনীষাকে নিয়ে গ্রামে চলে আসেন। মনীষা চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। গ্রামে এসে কৃষিকাজের পাশাপাশি সমাজের মানুষকে বই পড়ানোর মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত করার চেষ্টা করেন হাসান। যৌতুকলোভী, দুর্নীতিবাজ মেম্বার, নেশাগ্রস্ত ছাত্র থেকে শুরু করে টিকটক পাগল শ্যালিকাকেও সে বই পড়াতে চায়। এমনকি নিজের জমি বিক্রি করে গ্রামে লাইব্রেরি স্থাপনের চিন্তাও করে সে।

তবে গ্রামের পথভ্রষ্ট কিছু মানুষ হাসানের এই ভালো কাজগুলো পছন্দ করে না। তারা মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করে। শেষ পর্যন্ত হাসানের এই জ্ঞান বিতরণের সংগ্রাম সফল হয় কি না তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প।

গাজীপুরের পূবাইলের মনোরম লোকেশনে নাটকটির চিত্রগ্রহণ করা হয়েছে। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সামসুল ইসলাম লেলিন, ফোরকান উদ্দিন ও জি এস চঞ্চল। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আরিফুর রহমান রাহুল।

সাতক্ষীরার শ্যামনগরের সন্তান পরিচালক রাজ্জাক রাজ এই নাটকটি নির্মাণ ও প্রচারের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য মোশাররফ করিম, অভিনেত্রী রোবেনা রেজা জুঁইসহ কলাকুশলী এবং তার পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নির্মাতার প্রত্যাশা সুস্থ বিনোদনের পাশাপাশি সমাজের মানুষকে গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে এই বইপোকা।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button