বাণিজ্যিক বিজ্ঞাপন

এবার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের পরামর্শক কমিটি

প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার পর এবার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ‌‘পরামর্শক কমিটি’ গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১০ সদস্যের কমিটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদকে প্রধান করা হয়েছে।

গত ২১ অক্টোবর মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে বিজ্ঞপ্তি, বিবৃতি বা আদেশ জারি করে জানানো হয়নি। এমনকি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়নি। তবে কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে সময় দেওয়া হয়েছে।

এছাড়া পরামর্শক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা)।

এর আগে গত বছরের অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ৯ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ওই কমিটি গত ফেব্রুয়ারিতে সরকারের কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বৃদ্ধি, সহকারী শিক্ষকের বিদ্যমান পদ বিলুপ্ত করে নতুন পদবির সুপারিশসহ শতাধিক সুপারিশ করেছিল। যদিও সেই সুপারিশগুলো অধিকাংশই বাস্তবায়ন হয়নি। অল্প কিছু বাস্তবায়ন হলেও তা খণ্ডিতভাবে করা হয়েছে বলে অভিযোগ খোদ কমিটির সদস্যদের।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button