
আরিফুর সাদনানঃ ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও রন্ধনশিল্পের সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় করিয়ে দিতে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ফরাসি খাবার উৎসব (ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভ্যাল)। ঢাকায় ফরাসি সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।

এবারের ফরাসি সপ্তাহ উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বিশিষ্ট ফরাসি সাহিত্যিক ও রাষ্ট্রনায়ক আন্দ্রে মালরোর স্মৃতির প্রতি। তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
উৎসবের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি শেফ প্যাট্রিক কানে। রন্ধনশিল্পে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই শেফ ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তুলে ধরছেন ঢাকার ভোজনরসিকদের কাছে।
খাবার পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য একটি বিশেষ কর্মশালায় নিজের অভিজ্ঞতা ও দক্ষতা তুলে ধরবেন তিনি।
২০১০ সালে ইউনেসকো ফরাসিদের ঐতিহ্যবাহী ভোজনসংস্কৃতিকে মানবজাতির অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। ফরাসি এই ভোজনসংস্কৃতি শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক বন্ধন, ঐতিহ্য, সংস্কৃতি ও একসঙ্গে সময় কাটানোর শিল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত প্যাট্রিক কানেকে বাংলাদেশে নিয়ে আসা এবং ফরাসি সপ্তাহ উদ্যাপনে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক বিনিময়ের এই বিশেষ আয়োজন আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।







